বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। দুটি সিনেমায় অভিনয় করে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছেন। দেশীয় সিনেমার পাশাপাশি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এবার দেশের গণ্ডি পেরিয়ে তামিল সিনেমায় অভিনয় করছেন এই অভিনেত্রী। সম্প্রতি থাইল্যান্ডে ‘রংবাজ খিলারী’ শিরোনামের তামিল সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন বলে থাইল্যান্ড থেকে জানান মিষ্টি।
সত্যপ্রকাশ পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করছেন তামিল সিনেমার নায়ক রাকেশ ও বান্টি ব্যানার্জি। এ সিনেমার নৃত্য পরিচালনা করছেন খালিশ। অ্যাকশন পরিচালক খোকন শর্মা।
এ প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘গত ১৫ দিন ধরে থাইল্যান্ডে এ সিনেমার শুটিং করছি। তামিল ভাষায় কথা বলতে ও বুঝতে কিছুটা কষ্ট হচ্ছে। সিনেমার পরিচালকসহ সবাই কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। তারা আমার সঙ্গে হিন্দি ভাষায় সংলাপগুলো বুঝিয়ে দিচ্ছেন। কাজটি সুন্দর হচ্ছে। কয়েকটি গানের দৃশ্যসহ সিক্যুয়েন্সের শুটিং করছি।’
তিনি আরো বলেন, ‘আগে থেকেই সিনেমাটির কথা চলছিল। শুটিং শুরুর আগে কাউকে বলিনি। সামনে আরো কিছু সারপ্রাইজ আছে। আশা করছি, ভালো কিছু হবে। সিনেমাটি তামিল ও ভোজপুরি ভাষায় মুক্তি পাবে।’
মিষ্টি জান্নাত অভিনীত ও সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।
এদিকে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘তুই আমার রানী’ শিরোনামের সিনেমা। এ চলচ্চিত্রটি মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা সূর্য। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন বাংলাদেশের সজল আহমেদ ও ভারতের পীযূষ সাহা।
এছাড়া মিষ্টি ওপার বাংলার জনপ্রিয় অভিনয়শিল্পী সোহমের বিপরীতে আমার প্রেম তুমি শিরোনামের একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন সজল আহমেদ। এ ছাড়াও যৌথ প্রযোজনাসহ বেশ কটি সিনেমায় কাজ করার কথা রয়েছে তার।
২০১৪ সালের মাঝামাঝি লাভ স্টেশন চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত এ সিনেমায় মিষ্টির বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এরপর ২০১৫ সালে চিনি বিবি শিরোনামের আরো একটি সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। সিনেমা দুটি মুক্তি পেয়েছে।

