বিনোদন ডেস্ক : জর্জ মাইকেল। ইংলিশ গীতিকার ও গায়ক। গত বছরের ২৫ ডিসেম্বর ৫৩ বছর বয়সে মারা যান তিনি। জনপ্রিয়তা ও বেস্ট সেলিং বিভাগে জর্জ ব্রিটিশ শিল্পীদের মধ্যে অন্যতম। জর্জ মাইকেল ১৯৮০-১৯৯০ সাল পর্যন্ত অনেক পরিচিতি লাভ করেন। বিশেষ করে লাস্ট ক্রিসমাস গানের জন্য তিনি বেশ পরিচিতি পান। এই পপ তারকার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সম্পর্কে অজানা কিছু তথ্য তুলে ধরা হলো :
১. ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জড়ানোর ঘোরবিরোধী ছিলেন জর্জ মাইকেল। তিনি ২০০২ সালে শ্যুট দ্য ডগ (Shoot the dog) শিরোনামে একটি ‘বিতর্কিত’ একক গান করেন। গানটির ভিডিওতে টনি ব্লেয়ার, শেরি ব্লেয়ার ও জর্জ ডব্লিউ বুশকে উপহাস করেন তিনি।
২. তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হলো তার পার্টনার আনসেলমো ফেলেপ্পাকে হারানো। এইডসে ফেলেপ্পা মারা যায়। আর তার কিছুদিন পর মাকে হারান তিনি। ওই সময় তিনি খুব বিষণ্ন সময় পার করেন।
৩. জর্জের বেশ কয়েকটি ডাক নাম ছিল তার পরিবার ও বন্ধুদের কাছে। যেমন- তাকে য়ুগ Yog (গ্রিক উচ্চারণে জর্জিয়স), টিএলটিআই (দ্য লিজেন্ড দ্যাট ইজ), নোব্বি (Knobby) এবং দ্য গ্রিক অ্যান্ড দ্য বাবল।
৪. জর্জ মাইকেল আংশিক বর্ণান্ধ (কালার ব্লাইন্ড) ছিলেন। এই জন্য তিনি হয় কন্টাক্ট লেন্স না হয় গ্লাস পরতেন।
৫. তার বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম হলো কেয়ারলেস হুইস্পার। আশ্চর্যজনক হলেও সত্য যে তিনি এই গানটি মাত্র ১৭ বছর বয়সে লেখেছিলেন।
৬. জর্জ মাইকেল ছিলেন মানবতাবাদী। তার জীবদ্দশায় তিনি বেশ কিছু দাতব্য সংগঠনের সঙ্গে কাজ করেছেন। চাইল্ডলাইন, ট্যারেন্স হিগিংস ট্রাস্ট এবং আফ্রিকায় দুর্ভিক্ষে আক্রান্তদের সহযোগিতায় গঠিত তহবিলের জন্য অর্থ সংগ্রহের কাজও করেছেন।
৭. ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় মরেই গিয়েছিলেন জর্জ। কোমা থেকে তিনি সেবার বেঁচে ফেরেন।
৮. জর্জ মাইকেল অন্তত সাতটি গাড়ি দুর্ঘটনায় জড়িত। আর এই কারণে বেশ কয়েকবার তার ড্রাইভিং লাইন্সেসও বাতিল করা হয়েছিল।
৯. ২০০৬ সালের ৩১ ডিসেম্বর রাশিয়ান বিলিয়নিয়ার ভ্লাদিমির পুতানিনের নিউ ইয়ার্স পার্টিতে ঘণ্টায় দুই মিলিয়ন ডলার মূল্য নেন জর্জ।
১০. জর্জ তার গায়কি জীবনে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিনবার ব্রিট অ্যাওয়ার্ডস, চারবার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস ও তিনবার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস। আর আটবার নমিনেশন পেয়ে দুইবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেন তিনি।
১১. জর্জ মাইকেলের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম ক্রিসমাস শিরোনামের গানটি। প্রকৃতপক্ষে ক্রিসমাস ছিল জর্জের প্রিয় ছুটির দিন। না হলে কি তিনি ক্রিসমাস ডেতেই জীবন থেকে ছুটি নিবেন।
১২. জর্জ মাইকেল তার জীবদ্দশায় পাঁচবার গ্রেপ্তার হন। এর মধ্যে চারবারই গ্রেপ্তার হন গাঁজার জন্য।
১৩. সারা বিশ্বে তার অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। যা তাকে ব্রিটিশ শিল্পীদের মধ্যে সর্বকালের সেরা বিক্রিত (বেস্ট সেলিং) শিল্পীতে পরিণত করে।
১৪. তার আসল নাম জিওরগোস কিরিয়াকোস পানাইয়োতু।

