বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। ছোট পর্দার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবার জুটিবদ্ধ হয়ে একটি প্রেমের গল্প নির্ভর একক নাটকে অভিনয় করলেন তারা। ‘স্টোরি’ শিরোনামের নাটকটি রচনা করেছেন আপেল মাহমুদ। পরিচালনা করেছেন মোহন আহমেদ।
নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, এক পার্টিতে ছবি তুলছিলেন আফরান নিশো। এমন সময় নিশোর ক্যামেরায় বন্দি হয় সুন্দরী এক মেয়ে। তারপর থেকে নিশোর কল্পনায় মেয়েটি ঘুরপাক খেতে থাকে। নিশো একদিন জানতে পারেন, এই মেয়ের নাম মেহেজাবীন। এরপর তাদের মধ্যে কথা হয়। নিশো মেয়েটিকে ভালোবেসে ফেলে। কিন্তু মেহজাবীন শুধু ভালো বন্ধু হিসেবেই ভাবেন। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে গেছে নাটকের গল্প।
মোহন আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘স্টোরি শিরোনামের নাটকের গল্পে অনেক মজার মজার ঘটনা রয়েছে। এখনই পুরো গল্প বললে দরশক নাটক দেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। টিভি পর্দায় নাটকটি দেখে আনন্দ পাবেন বলে আশা করছি।’
নিশো-মেহজাবীন ছাড়াও আরো অভিনয় করেছেন-উম্মে আদিবা, গিয়াস উদ্দিন আহমেদ নান্নু, রাতুল তালুকদার, রনি ইসলাম, কুরুজ্জামান সবুজ, নাহিদ মাহামুদ, রাসেল খান, মীমু শারিয়া, রকি।
সম্প্রতি এ নাটকের দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

