স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট-সিরিজে সবকটিতেই হেরে হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান। এমন বাজে পারফরম্যান্সে টেস্ট র্যাঙ্কিংয়েও দুইধাপ পিছিয়ে পড়েছে দলটি।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে ব্যাটিং এবং দলকে ঠিকমতো নেতৃত্ব দিতে না পারায় মিসবাহের অবসর নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ৪২ বছর বয়সি এ অধিনায়কের নেতৃত্বে সিডনিতে সবশেষ ম্যাচে ২২০ রানে লজ্জাজনকভাবে হেরেছে পাকিস্তান।
সম্প্রতি এমন বাজে পারফরম্যান্সের পর মিসবাহের অবসর নিয়ে দেশটির প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজা বলেন, ‘আমার মনে হয় মিবাহের সময় শেষ। প্রত্যেকটি খেলোয়াড়ের ক্যারিয়ারেই এমন সময় আসে। তাই আমার মনে হয় এখন মিসবাহের সরে দাঁড়ানো উচিত। আমার মতে একজন অধিনায়ক সর্বোচ্চ ৫ বছর দলকে সেরাটা দিতে পারেন। তার অধীনে পাকিস্তান অনেক কিছু পেয়েছে। কিন্তু সম্প্রতি ক্রমেই নিচের দিকে ধাবিত হচ্ছে দলটি। পাকিস্তানের অন্যতম সফল একজন খেলোয়াড় হিসেবে সে তার সেরা ইনিংসগুলো খেলে ফেলেছে।’
মিসবাহের অবসর প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আকরাম বলেন, ‘আমি তাকে এ প্রসঙ্গে কিছু বলতে চাই না। তবে আমি তার অবস্থানে থাকলে এত কিছু অর্জনের পর হয়তো খেলা ছেড়ে দিতাম। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের পর আমি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। যদিও প্রথম দুই ম্যাচে আমরা বেশ দারুণ লড়াই করেছিলাম।
২০১০ সালে দায়িত্ব নেওয়ার পর মিসবাহের অধীনে ৫৩ টেস্টের ২৪টিতেই জিতেছে পাকিস্তান। ১৮টিতে হারের সঙ্গে ড্র করেছে ১১ ম্যাচে।

