স্পোর্টস ডেস্ক : সুপ্রিম কোর্টের রায়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন অনুরাগ ঠাকুর। বিসিসিআইয়ের সভাপতির পদে নতুন মুখ নিয়ে গুঞ্জন চলছে। ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ এ পদে সৌরভ গাঙ্গুলির কথা জানিয়েছেন দেশটির কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
লোধা কমিটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের দীর্ঘস্থায়ী অচলাবস্থার প্রেক্ষিতে গত সোমবার এক শুনানি শেষে বিসিসিআইয়ের সভাপতি ও সচিবকে অপসারণের রায় আসে।
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও বিসিসিআই লোধা কমিটির সব সুপারিশ বাস্তবায়ন না করায় এই রায় আসে ।
বিসিসিআইয়ের পদ থেকে অনুরাগকে অপসারণ করায় জ্যেষ্ঠ সহ-সভাপতি অর্ন্তবর্তীকালীন সভাপতির এবং যুগ্ম সম্পাদক অমিতাভ চৌধুরী সচিবের দায়িত্ব পালন করবেন।
আদালত জানায়, ১৯ জানুয়ারি একটি প্রশাসক কমিটি নিয়োগ করা হবে যারা বিসিসিআইয়ের ব্যবসায়িক দিকগুলো দেখবে।
শূন্যপদের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে কাকে প্রত্যাশা করেন দেশটির কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার? এমন প্রশ্নের জবাবে গাভাস্কার জানান, ‘বর্তমানে শক্তি প্রয়োগের জন্য বিসিসিআই দারুণ একটি সুযোগ পেয়েছে। সভাপতি হিসেবে এখন আমার কাছে একটি নামই পছন্দ। সেটা সৌরভ গাঙ্গুলি। ১৯৯৯-২০০০ সালের কথা ভাবুন যখন ভারতীয় ক্রিকেট স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। তখন গাঙ্গুলিকে ভারতীয় দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হলে তিনি দলকে ভালো অবস্থানে ফিরিয়ে আনেন।’

