স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ ও বর্ণিল একটি ক্যারিয়ার উপভোগ করেছেন শহীদ আফ্রিদি। ক্যারিয়ারের স্মরনীয় ঘটনার মধ্যে ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করার কথাটাই হয়তো আগে বলতে চাইবেন আফ্রিদি।
তবে আনন্দের সঙ্গে দুঃখের ঘটনারও কমতি নেই আফ্রিদি ক্যারিয়ারে। ২০১১ সালে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে শিরোপা জিততে না পারাটাকেই সবচেয়ে পরিতাপের বলে জানিয়েছেন পাকিস্তানি এ অলরাউন্ডার।
এ প্রসঙ্গে জিও টিভিকে দেওয়া সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘আমরা ওই বিশ্বকাপে (২০১১ বিশ্বকাপ) শিরোপা জয়ের খুব কাছে চলে গিয়েছিলাম। অধিনায়ক হিসেবে তা জিততে না পারাটা আমার কাছে খুবই পরিতাপের ছিল। আমার মনে হয় দীর্ঘ সময় থেকে এটাই বিশ্বকাপে পাকিস্তানের সেরা পারফরম্যান্স।
সম্প্রতি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটে সেরাটা জানান দিতে পাকিস্তানি ক্রিকেটারদের আহ্বান করেন আফ্রিদি। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘আমি সহ পাকিস্তানের সব আন্তজার্তিক ক্রিকেটারদের উচিত পাকিস্তানকে আরও ভালোভাবে বিশ্বক্রিকেটে অঙ্গনে উপস্থাপন করা।আমার মনে হয় আন্তজার্তিক দলগুলোর পাকিস্তানে আসা উচিত। এখানকার মানুষ ক্রিকেটকে খুব ভালবাসে এবং দীর্ঘদিন ধরে ঘরের মাঠে জাতীয় দলের খেলা উপভোগ থেকে বঞ্চিত রয়েছে।’
উল্লেখ্য, গত বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তানে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।

