স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাংলাদেশকে স্বপ্নের ফাইনালে তুলতে হ্যাটট্রিক করেছেন সিরাত জাহান স্বপ্না। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে পাঁচ গোল করা সাবিনা খাতুন করেছেন জোড়া গোল। অপর গোলটি নার্গিস খাতুনের। আগামী বুধবার সাফের চতুর্থ আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে আয়োজক দেশ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
এর আগে বিকেলে প্রথম সেমিফাইনালে নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো ফাইনালে ওঠে ভারত।গ্রুপপর্বে ভারতের সঙ্গে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। ফাইনালে তাই বাংলাদেশের মেয়েদের থেকে ভালো কিছু আশা করাই যায়।
উল্লেখ্য, সাফে বাংলাদেশ দলকে পৃষ্ঠপোষকতা করেছে দেশের ক্রীড়া বান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

