আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যে এক সমাবেশে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ এক ব্যক্তি। হরিয়ানার রোহতাকে রোববার নোট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করার সময় তার দিকে জুতা ছুড়ে মারেন ওই ব্যক্তি। জুতাটি লক্ষ্যভ্রষ্ট হয়, তবে ঘটনাস্থলে লোকটিকে আটক করা হয়।
কেজরিওয়ালের দাবি, নোট বাতিল করা প্রধানমন্ত্রী মোদির একধরনের ষড়যন্ত্র। এ বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। জুতা নিক্ষেপকারী হরিয়ানার দাদরি জেলার বাসিন্দা। তার নাম বিকাশ (২৬)। তবে জুতা নিক্ষেপকারীর উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হতে পারেনি পুলিশ। আরবার স্টেট পুলিশ স্টেশনের হাতে সোপর্দ করা হয় তাকে।
জিজ্ঞাসাবাদের সময় বিকাশ দাবি করেন, হরিয়ানার স্বার্থের বিরুদ্ধে কথা বলায় কেজরিওয়ালের দিকে জুতা নিক্ষেপ করেন তিনি। পুলিশ জানিয়েছে, গ্র্যাজুয়েট ও বেকার বিকাশ জিজ্ঞাসাবাদের সময় মানসিক ভারসাম্যে ছিলেন না।
এ ঘটনার পর কেজরিওয়াল আরো তীব্রভাবে মোদিকে আক্রমণ করে বলেন, ‘মোদি কাপুরুষ। সে জন্য তার তাঁবেদারদের পাঠিয়েছেন, আমার দিকে জুতা মারতে। তবে নোট বাতিল নিয়ে সত্য বলা থেকে আমি বিরত থাকব না।’ উল্লেখ্য, এর আগেও কয়েকবার কেজরিওয়ালের দিকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। কালি ছোড়া হয়েছে তার মুখে।

