বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। দীর্ঘদিন চলচ্চিত্রাঙ্গন দাপিয়ে বেরিয়েছেন তিনি। ইদানিং রুপালি পর্দায় খুব বেশি দেখা যায় না তাকে। এবার বিরতি ভেঙে নতুন বছর পর্দায় হাজির হতে যাচ্ছেন এই চিত্রনায়ক।
বাপ্পারাজ অভিনীত ‘তুখোড়’ শিরোনামের সিনেমাটি আগামী শুক্রবার সারা দেশে মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত শিবলী নওমান ও কলকাতার রাতাশ্রী। এ ছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খানসহ অনেকে।
তা ছাড়াও দেখা যাবে লাক্স চ্যানেল আই তারকা সামিহা খান ও সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন ও শায়েরীকে। এদিকে সিনেমার একটি ক্লাব সংয়ে পারফর্ম করেছেন মিতু।
পজেটিভ সিস্টেমস অ্যান্ড সাপোর্টসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন এহতেশামুল হক সানজিব। এ সিনেমার ট্যাগ লাইন ‘অপারেশন ক্লাব ডি’।
‘তুখোড়’ সিনেমায় চারটি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, তানভীর আলম সজীব, সামিরা জুবেরী হিমিকা, ঐশী এবং কলকাতার জোজো। সংগীত পরিচালনা করেছেন বেলাল খান, তানভীর আলম সজীব এবং কলকাতার প্রসেনজিত চ্যাটার্জি। টাইটেল সং করেছেন প্রত্যয় খান।
‘তুখোড়’ সিনেমার কাহিনি লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান লাবু।
বাপ্পারাজ সর্বশেষ ‘কার্তুজ’শিরোনামের সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনাও করেন এই অভিনেতা। এটি বাপ্পারাজ পরিচালিত প্রথম সিনেমা। গত বছর ৬ মার্চ সারা দেশে মুক্তি পায় এই চলচ্চিত্রটি।

