স্পোর্টস ডেস্ক : দারুণ এক রেকর্ডের সাক্ষী হলো দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মধ্যকার পোর্ট এলিজাবেথ টেস্ট। ম্যাচের তৃতীয় দিন টেস্ট ক্রিকেট দেখল ১০০০০তম এলবিডব্লিউ আউট।
আর দারুণ এই রেকর্ডে জড়িয়ে গেল নুয়ান প্রদীপ ও হাশিম আমলার নাম। লঙ্কান পেসারের বলেই যে টেস্ট ক্রিকেটের ১০০০০তম এলবিডব্লিউ হয়েছেন আমলা।
ক্যাচ ও বোল্ডের পর এবার ১০০০০তম এলবিডব্লিউও দেখল টেস্ট ক্রিকেট।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউ হয়েছেন শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তি ২৯৬ বার আউট হওয়ার মধ্যে এলবিডব্লিউ হয়েছেন ৬৩ বার। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ বার ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট শিবনারায়ণ চন্দরপল। ৫০ বা এর বেশিবার এলবিডব্লিউ হয়েছেন আর মাত্র একজনই- ইংল্যান্ডের গ্রাহাম গুচ, ঠিক ৫০ বার।
টেস্ট ক্রিকেটে কমপক্ষে ৫০ বার আউট হয়েছেন কিন্তু একবারও এলবিডব্লিউ হননি- এমন ক্রিকেটার আছেন মাত্র একজন! অস্ট্রেলিয়ার জো ডার্লিংয়ের ৩৪ টেস্টের ৫৮ বারের আউটে কোনো এলবিডব্লিউ নেই। ৮৯ ইনিংসে মাত্র একবার এলবিডব্লিউ হয়েছেন আরেক অস্ট্রেলিয়ান ক্লেম হিল।
বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে এলবিডব্লিউ আউট হওয়ার শতকরা হার (কমপক্ষে ৫০ ডিসমিসাল) সবচেয়ে কম কার জানেন? বাংলাদেশের তামিম ইকবালের। ৮৩ ডিসমিসালে তামিম এলবিডব্লিউ হয়েছেন মাত্র তিনবার। যেটি শতকরার হিসাবে ৩.৬১।
টেস্টে সবচেয়ে বেশিবার এলবিডব্লিউ করেছেন অনিল কুম্বলে। প্রাক্তন ভারতীয় স্পিনারের ৬১৯ উইকেটের মধ্যে এলবিডব্লিউ ১৫৬টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৫০টি টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি লঙ্কান গ্রেট মুত্তিয়া মুরালিধরনের। এর পরে অস্ট্রেলিয়ার গ্রেট শেন ওয়ার্নারের ১৩৮টি।

