স্পোর্টস ডেস্ক : বছর জুড়েই ক্রিস্টিয়ানো রোনালদোর শোকেসে উঠেছে শ্রেষ্ঠত্বের মুকুট। বছরের শেষ প্রান্তে সাফল্যের পাতায় যোগ হল আরেকটি অর্জন। ৩১ বছর বয়সি রোনালদো জিতেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ড।
চারবারের ফিফা বর্ষসেরা এই খেলোয়াড় ২০১৬ সালে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, ব্যালন ডি’অর ও ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন। একমাত্র ফুটবলার হিসেবে এক বছরে এতগুলো ট্রফি জয়ের কৃতিত্ব দেখিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
মঙ্গলবার গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেন রোনালদো। দুবাইয়ে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তবে রোনালদো দুবাইয়ে উপস্থিত ছিলেন না। ভিডিও ভার্তায় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন। গত বছর এ অ্যাওয়ার্ড জিতেছিলেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি।
ভিডিও বার্তায় রোনালদো বলেন,‘আমার ক্যারিয়ারের সেরা বছর ২০১৬। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ,পর্তুগালের হয়ে ইউরো কাপ, ব্যালন ডি’অর ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা সত্যিই বিশেষ কিছু। এর থেকে আর বেশি কি প্রত্যাশা করতে পারি? হয়ত এখনও সমালোচকরা আমাকে নিয়ে কথা বলবে! ক্লাব, জাতীয় দলের সাফল্য নিয়ে কথা বলবে! কিন্তু আমি সব প্রমাণ করেছি। দারুণ একটি বছর কাটালাম। আমি খুবই খুশি। আমার সতীর্থদের ধন্যবাদ।’

