রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলামকে (৩৯) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বিকেল ৩টার দিকে মহানগরীর বিহাস এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডা. মমতাজ জানান, রাবি শিক্ষকের মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শফিউল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে চৌদ্দপায় এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে নগরীর বিহাস এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময় স্থানীরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি ওসি আলমগীর হোসেন।
এদিকে, শিক্ষক নিহত হওয়ার ঘটনায় রাবিতে উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সব ধরণের ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে রাবি প্রশাসন।

