বিনোদন ডেস্ক : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এদিন প্রেমিক-প্রেমিকার মনে ভালোবাসার রঙ একটু বেশি ফুটে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে পালিত হয় এদিনটি। আগামী বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘প্রেমী ও প্রেমী’ শিরোনামের সিনেমাটি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি ২০১৭ সালের ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পাবে। রাইজিংবিডিকে এমনটাই জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া কতৃপক্ষ।
জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিমুল্লাহ খোকন রাইজিংবিডিকে বলেন, ‘‘আসছে নতুন বছর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমাটি ভালোবাসা দিবসে সারা দেশে মুক্তি পাবে। সব কিছু ঠিক থাকলে সিনেমাটি এই তারিখে মুক্তি পাবে।’
যৌথ প্রযোজনার এ সিনেমাটি সম্প্রতি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। এতে শুভ-ফারিয়ার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মডেল ও চিত্রনায়ক আমান রেজা।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি চলতি মাসে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। ইতোমধ্যে এ সিনেমার কয়েকটি গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানগুলো বেশ সাড়া ফেলেছে।
এদিকে ফারিয়া অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আশিকী’ গত বছর মুক্তি পায়। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা’সহ মোট তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এ সিনেমাগুলো ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করে। অন্যদিকে আরিফিন শুভ অভিনীত সর্বশেষ ‘নিয়তি’ শিরোনামের সিনেমাটি গত ১২ আগস্ট সারা দেশে মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন জলি।

