নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অর্থনৈতিক শক্তিশালী ২০ দেশের কাতারে সামিল করা।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি মিলনায়তনে সিপিটিইউ আয়োজিত জাতীয় ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, লক্ষ্য অর্জনের এ যাত্রাপথ সহজ নয়। নানা প্রতিবন্ধকতার বাধা টপকাতে হবে। বিস্তর চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যেতে হবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, সঠিক সময়ে ক্রয়কাজ সম্পাদন করার প্রক্রিয়াটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান উন্নয়ন অগ্রযাত্রার জন্য অপরিহার্য। সরকারি ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ যথা সময়ে যথাযথভাবে কাজ সম্পাদনে সহায়ক ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমাদের সীমিত সম্পদ থেকে সর্বোচ্চ লাভ আহরণ করতে হবে। দাতা বিশ্বব্যাংকসহ সংশ্লিষ্টদের সহযোগিতায় অগ্রগতির অগ্রযাত্রাকে বেগবান করবে।
মন্ত্রী অনুষ্ঠানে ন্যাশনাল প্রকিউরমেন্ট প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।
সিপিটিইউ মহাপরিচালক মোহাম্মদ ফারুক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা কমিশন সদস্য জিয়াউল ইসলাম, বিশ্বব্যাংক অপারেশন ম্যানেজার রাজশ্রী পারালকার এবং আইটিসি-আইএলও টেকসই উন্নয়ন কর্মসূচি ম্যানেজার রাফ ক্রুগার উপস্থিত ছিলেন।

