অর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর বস্তিবাসীদের আবাসনের মধ্যে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, রাজধানীর বস্তিগুলো আমাদের একটি বড় সমস্যা। এদের জন্য আবাসনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এ ব্যাপারে রিহ্যাবের সহযোগিতা প্রয়োজন।
বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অর্থমন্ত্রী বলেন, গ্রাম থেকে দরিদ্র মানুষ শহরে আসছে। শহরে এসে তাদের খাদ্যের ব্যবস্থা হলেও আবাসনের ব্যবস্থা হচ্ছে না। এদের জন্য আবাসনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। সরকারের সঙ্গে রিহ্যাবের আলোচনায় এ বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।
তিনি বলেন, রিহ্যাবের সঙ্গে কাজ কারতে হলে তিনটি পক্ষ চলে আসে। জমির মালিক, অ্যাপার্টমেন্ট নির্মাতা ও অ্যাপার্টমেন্ট ক্রেতা। তাই আবাসন খাত নিয়ে কাজ করতে হলে এই তিনটি পক্ষের মধ্যে আলোচনা দরকার।
আবাসন খাতে সহযোগিতার জন্য হাউজবিল্ডিং ফাইন্যান্স করপোরেশন তৈরি হয়েছিল। এটি এখনও আছে। সরকার এখানে পুরোপুরি অর্থায়ন করতো। এখন পুরোপুরি অর্থায়ন করছে না। তবে সরকার অর্থায়ন করলেই হবে না। অন্যান্য অর্থায়নও দরকার আছে।
অনুষ্ঠানে আবাসন খাতের সমস্যা সমাধানে সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার ফান্ড দাবি করেছে রিহ্যাব সহসভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, রিহ্যাব সভাপতি আলমগীর সামসুল আলামীন প্রমুখ।
এবারই প্রথমবারের মতো কুড়িগ্রাম ও ভোলায় বন্যাদুর্গত ৮৭ পরিবারকে ঘর তৈরি করে দিয়েছে রিহ্যাব। অনুষ্ঠানের শুরুতে তাদের মধ্যে চাবি বিতরণ করা হয়।
এবারের মেলায় মোট ১৭৫টি স্টল থাকছে। এর মধ্যে ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানকে অংশগ্রহণের সুযোগ দিয়েছে রিহ্যাব। এবারের মেলায় কো-স্পন্সর হিসেবে অংশগ্রহণ করছে ২৪টি প্রতিষ্ঠান। ক্রেতা-দর্শনার্থীরা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের জন্য দুই ধরনের টিকিট থাকছে। সিঙ্গেল এন্ট্রি টিকিটের মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্লট ও ফ্ল্যাটে মূল্য ছাড়, উপহারসহ নানা সুবিধা দেবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব এই মেলার আয়োজন করে আসছে। এ পর্যন্ত চট্টগ্রামে ৯টি মেলা সম্পন্ন করেছে রিহ্যাব। এ ছাড়া ২০০৪ সাল থেকে বিদেশে হাউজিং মেলার আয়োজন করছে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১২টি এবং যুক্তরাজ্য, দুবাই, ইতালি, কানাডা ও কাতারে একটি করে রিহ্যাব হাউজিং মেলা অনুষ্ঠিত হয়েছে।

