স্পোর্টস ডেস্ক : ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার জাপানের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইউকোহামাতে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মেক্সিকান ক্লাব আমেরিকার মুখোমুখি হয় রিয়াল। ম্যাচে আমেরিকাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ ক্লাবটিকে ফাইনালে তুলতে গোল করেছেন দলের দুই নির্ভরযোগ্য ও অভিজ্ঞ খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমা। রোববার শিরোপা নির্ধারণী ফাইনালে জাপানের ক্লাব কাশিমা অ্যান্টলার্সের মুখোমুখি হবে।
বৃহস্পতিবার ক্লাব আমেরিকার বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলে রিয়াল। তবে তাদের শারীরিক ভাষা ছিল অনেকটাই শান্ত। ম্যাচের সাত মিনিটেই গোল হতে পারত। কিন্তু ভেনতুরা আলভারাদোর নেওয়া শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়।
২৬ মিনিটে ভেনতুরা আলভারাদোর বাড়িয়ে দেওয়া বল ডি বক্সের মধ্যে পেয়ে যান রোনালদো। তিনি হেড দেন। বলটি বারে লেগে ফিরে আসে। তাতে করিম বেনজেমা আবার শট নেন। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। ৩২ মিনিটে রোনালদো ফ্রি কিক নেন। তার নেওয়া শট আমেরিকার করা মানব দেয়ালে লেগে ফিরে আসে। আর শট নেন। এবার গোলরক্ষক ফিরিয়ে দেন। সেখান থেকে বল পেয়ে যান করিম বেনজেমা। তিনি শট নিয়ে নিশানা ভেদ করেন। কিন্তু বেসরিক লাইন্সম্যান বাঁশি ফুঁকে জানিয়ে দেন- অফসাইড।
প্রথমার্ধের যোগ করা সময়ে ডি বক্সের একটু সামনে থেকে বল বাড়িয়ে দেন টনি ক্রুস। বল পেয়ে যান ডি বক্সের মধ্যে থাকা করিম বেনজেমা। তিনি বল জালে জড়াতে ভুল করেননি। তার গোলে এগিয়ে থেকেই বিশ্রামে যায় লস ব্লাঙ্কোসরা।
বিরতির পর বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি রিয়াল। শেষমেষ ৯০+৩ মিনিটে হামেস রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল নিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়েন রোনালদো। গোলরক্ষককে একা পেয়ে সহজেই বল জালে জড়ান তিনি। তাতে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় জিনেদিন জিদানের শিষ্যদের।

