বিনোদন ডেস্ক : চলতি বছরের বহুল আলোচিত সিনেমা ‘আয়নাবাজি’। বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা।
এ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছেন তারা। এবার আবারো এ জুটিকে একসঙ্গে দেখা যাবে। তবে কোনো সিনেমার পর্দায় নয় বিজ্ঞাপন চিত্রে তাদেরকে একসঙ্গে দেখা যাবে বলে জানান নাবিলা। জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)এর বিজ্ঞাপনে কাজ করবেন এ জুটি। এ বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করবেন রেদওয়ান রনি।
এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘সরকারি এ বিজ্ঞাপনটি রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে শুটিং হবে। কাজটি ভালো হবে বলে মনে করছি।’ চঞ্চল চৌধুরী বড়পর্দায় নিয়মিত কাজ না করলেও ছোটপর্দায় নিয়মিত কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিজ্ঞাপনচিত্রেও দেখা যায় তাকে।
এদিকে জনপ্রিয় উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা সর্বশেষ রবির বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়া ‘ওয়ালটনের এয়ার কুলারের ভিডিও টিউটোরিয়াল সহ বেশ কিছু বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন এই অভিনেত্রী।
২০০৬ সালে বাংলাভিশনের ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়ায় আসেন নাবিলা। এর পর আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ও টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর নিয়ে টেলিভিশনের বেশ কয়েকটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। পাশাপাশি বিশ্ব মাতানো বিভিন্ন আসর এবং নানারকম টিভি অনুষ্ঠানও উপস্থাপনা করছেন নাবিলা।

