স্পোর্টস ডেস্ক : চতুর্থ বারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে পর্তুগাল সুপারস্টারের এমন অর্জনে তাকে সম্মান জানাতে রাজি নন তার প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা।
২০০৮ সালে ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর পুরস্কারটা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে জিতেছিলেন রোনালদো। এর পরের বার ভক্তদেরকে কাঁদিয়ে ম্যানইউ থেকে রিয়াল মাদ্রিদে চলে আসেন রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেন বাকি তিনটি ব্যালন ডি’অর।
ওল্ড ট্রাফোর্ড ছেড়ে আসার পর ঘরের ছেলেকে ফিরে যেতে কতই নাকি আকুতি জানিয়েছিল ম্যানইউ ভক্তরা। কিন্তু তাদের কথায় কান না দিয়ে রিয়ালের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন রোনালদো। তাই পর্তুগিজ অধিনায়কের প্রতি একপ্রকার ক্ষুব্ধ ম্যানইউ সমর্থকরা।
তাইতো রোনালদো চতুর্থ ব্যালন ডি’অর জয়ের পর ম্যানইউ অভিনন্দন জানানোয় সহজেই মেনে নিতে পারেননি ভক্তরা। ম্যানইউর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কমেন্টেসে রোনালদোকে এক প্রকার ধুয়ে দিয়েছেন ভক্তরা।
সোলোমন খাদজো নামে এক ভক্ত বলেছেন,‘রোনালদো কি ম্যানইউর কেউ? অন্য ক্লাবের এমন অর্জনকে এভাবে অভিনন্দন জানানোর কি আছে।সে আমাদের প্রাক্তন ফুটবলার তাতে কি হয়েছে।’
ক্যাতরিনা সানচেজ পেদ্রো নামে একজন বলেছেন, ‘সে সবচেয়ে সেরা না। সে ভালো তবে মেসির মতো ততটা নয়। ফ্রি কিকের জন্য মেসি কখনো ডাইভ দেয় না।’
থিলগিল্ড গিলডং নামে এক ভক্ত বলেন, ‘অন্য ক্লাবের কারো অর্জনে এমন উদযাপনের মধ্য দিয়ে আমরা অভাগা হয়ে উঠছি। আমাদের কেউ কিভাবে ব্যালন ডি’অর জিততে পারে সেদিকে মনযোগ দেওয়া উচিত।’

