বিনোদন ডেস্ক : প্রেমের গুঞ্জনে প্রায়ই খবরে আসেন সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট। কিন্তু এখনো তাদের সম্পর্ক নিয়ে সবাইকে ধোঁয়াশার মধ্যেই রেখেছেন তারা।
জীবনসঙ্গী হিসেবে সিদ্ধার্থকে বেছে নিবেন কিনা তা পরের বিষয়, তবে ‘বেস্ট কিসার’ হিসেবে বার বার দেখো খ্যাত অভিনেতাকে বেছে নিলেন আলিয়া।
সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার অডিও টক শো ‘নো ফিলটার নেহা’-তে উপস্থিত হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে ডিয়ার জিন্দেগি খ্যাত এ অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, তার কাছে ‘বেস্ট কিসার’ কে? জবাবে আলিয়া ভাট বলেন, “দেখুন, আমি অর্জুন কাপুরকে একটি সিনেমায় চুমু খেয়েছি, সে অনেক ভালো কিসার। কিন্তু সিদ্ধার্থকে দুটি সিনেমায় চুমু খেয়েছি। তার সঙ্গে প্র্যাকটিসটা বেশি হয়েছে। সুতরাং, ‘বেস্ট কিসার’ সিদ্ধার্থ।”
অর্জুন কাপুরের সঙ্গে টু স্টেটস সিনেমায় চুম্বন দৃশ্যে দেখা গেছে আলিয়াকে। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্টুডেন্ট অব দ্য ইয়ার এবং কাপুর অ্যান্ড সন্স সিনেমায় চুম্বন দৃশ্যে অভিনয় করেছেন এ অভিনেত্রী।

