বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং। নানা কারণেই খবরে থাকেন তিনি। বিশেষ করে উদ্ভট পোশাক অথবা মজার মজার মন্তব্য করে শিরোনামে আসেন তিনি। এবারো তাই করলেন এ অভিনেতা।
নিঃসন্দেহে বলিউডের আকর্ষণীয় অভিনেতার মধ্যে রণবীর সিং একজন। তবে এতেই সন্তুষ্ট থাকতে চান না তিনি। নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত করতে চান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের সম্পর্কে এমনটাই মন্তব্য করেন বাজিরাও মাস্তানি খ্যাত এ অভিনেতা।
রণবীর জানান, সেরা অভিনেতা অথবা ব্যবসাসফল সিনেমার নায়ক হতে চান না তিনি। নিজেকে সেক্স সিম্বল হিসেবে দেখতে চান রণবীর। এটিই তার কাছে সবচেয়ে বড় ব্যাপার। তিনি চান, সবাই তাকে সবচেয়ে আকর্ষণীয়, হটেস্ট এবং কাঙ্ক্ষিত পুরুষ বলবে।
রণবীরের এমন বক্তব্যে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু নিজেকে সব সময় স্রোতের বিপরীতেই ভাসাতে ভালোবাসেন রণবীর।
কাজের দিক থেকে রণবীর সিংয়ের পরবর্তী সিনেমা বেফিকর। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য চোপড়া। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

