কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ভুলে ভরা।
প্রশ্নপত্রের ৮০টি প্রশ্নের মধ্যে ২১টির বানান ভুল বা বিরাম চিহ্নের অপ্রয়োজনীয় প্রয়োগ দেখা গেছে। প্রশ্নপত্রে এ সব অসঙ্গতি নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মোট পাঁচটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, ২১টি প্রশ্নে ভুল রয়েছে।
বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা গেছে, ৫ নং প্রশ্নে ‘ঢাকা’ বানান ‘ঢাক’ লেখা হয়েছে। এ ছাড়া ‘অধ্যয়ন’ বানান ভুল আছে। প্রশ্নটি প্রশ্নবোধক হলেও বাক্যের শেষে ‘প্রশ্নবোধক চিহ্ন’ ব্যবহার করা হয়নি।
৯ নং প্রশ্নে ‘আমার’ বানান ভুল। ৪৮ নং প্রশ্নটি ‘প্রশ্নবোধক’ হলেও বাক্যের শেষে ‘প্রশ্নবোধক চিহ্ন’ নেই। ৬৪ নং প্রশ্নে বলা হয়েছে, ‘পারিবারিক আদালত কখন অর্ডিনেন্স কখন জারি করা হয়’।
৭৯ নং প্রশ্নে ‘বুদ্ধিজীবী’ বানান ভুল। ২২, ৪১, ৪৭, ৬৩, ৭৪ নং প্রশ্নে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। একটা প্রশ্নে উত্তর অপশনে দুইটা ‘গ’ ব্যবহার করা হয়েছে। বহু বাক্যে ‘বিরাম চিহ্ন’ নেই। কিছু প্রশ্নে অপ্রয়োজনীয় ‘সেমিকোলন চিহ্ন’ ব্যবহার করা হয়েছে। বেশ কিছু প্রশ্নে ‘স্পেস’ দেওয়া নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. নুরুন নাহার বলেন, কমিটির কিছু অভ্যন্তরীণ সমস্যা ও টেকনিক্যাল কারণে প্রশ্নপত্রে কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে যেতে পারে।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আসকারী বলেন, ‘ইউনিট সমন্বয়কারীদের দুর্বলতার কারণে কিছু অনিচ্ছাকৃত ভুল হয়েছে বলে আমি শুনেছি। তবে কোনো দুর্নীতি ছাড়াই পরীক্ষা সুষ্ঠু হয়েছে।’

