স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে স্টামফোর্ডব্রিজ ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে এসেছেন হোসে মরিনহো। এ সময়ে বদলে গেছে অনেক কিছুই। কিন্তু বদলায়নি মরিনহোর পুরণো অভ্যাস।
রেফারির সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ, ডাগআউটে অস্বাভাবিক আচরণ কিংবা খেলার নিয়মের বাইরে কথা বলায় এর আগে বহুবার শাস্তি পেতে হয়েছে মরিনহোকে। এবার ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে এসেও শাস্তি পেতে হচ্ছে মরিনহোকে।
রোববার রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরুর ২ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল রেডডেভিলসরা। ওই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সে অধৈর্য্য হয়ে উঠেছিলেন মরিনহো।
ম্যাচের ২৭তম মিনিটে ধৈর্য্য হারিয়ে পানির বোতলে লাথি মারেন মরিনহো। ফলে তাকে হলুদ কার্ড দেখিয়ে ডাগআউট ছেড়ে যাওয়ার নির্দেশ দেন ম্যাচ রেফারি জোনাথন মস। এমন অপরাধের জন্য ডাগআউটে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন মরিনহো। এবার শাস্তি হলে ইংলিশ লিগে এটা হবে মরিনহোর শেষ ২০ ম্যাচে তৃতীয়বার নিষিদ্ধ হওয়ার ঘটনা।

