স্পোর্টস ডেস্ক : নিজেদের মাটিতে তিন বা এর বেশি টেস্টের সিরিজে কখনো হোয়াইটওয়াশ হয়নি অস্ট্রেলিয়া। কিন্তু সেই লজ্জার সামনে দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্ট খেলতে নামে স্টিভেন স্মিথের দল। তবে লজ্জাটা বোধহয় পেতে হচ্ছে না অস্ট্রেলিয়ানদের। অ্যাডিলেড টেস্ট জিততে স্মিথ-ওয়ার্নারদের যে করতে হবে মাত্র ১২৭ রান।
দিবারাত্রির এই টেস্টে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে রোববার চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। আগের দিনের ৭০ রানের লিডটা এদিন বাকি ৪ উইকেটে ১২৬ রানের বেশি এগিয়ে নিতে পারেনি সফরকারীরা।
৮১ রান নিয়ে দিন শুরু করতে নামা স্টিফেন কুক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থামে ২৫০ রানে। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২৪০ বলে ৮টি চারে কুক করেন ১০৪ রান।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার মিচেল স্টার্ক। স্পিনার নাথান লায়ন নেন ৩ উইকেট। দুটি উইকেট আরেক পেসার জশ হ্যাজেলউডের।
১২৭ রানের ছোট লক্ষ্যে খেলতে নেমে চা বিরতির আগে বিনা উইকেটে ২৭ রান তুলে ফেলেছে প্রথম দুই টেস্টে হারা অস্ট্রেলিয়া। মান বাঁচানো জয়ের জন্য স্বাগতিকদের চাই আর ১০০ রান।
এর আগে অধিনায়ক ফাফ ডু প্লেসির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ২৫৯ রানে। জবাবে উসমান খাজার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া তোলে ৩৮৩ রান।

