স্পোর্টস ডেস্ক : ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ রিজওয়ান যখন উইকেটে এলেন, ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান। দলকে কি বিপদ থেকে উদ্ধার করতে পারবেন রিজওয়ান? কিসের কী উদ্ধার, বরং দলকে আরো বিপদে ফেলে দিলেন তিনি! আউট হয়ে গেলেন মুখোমুখি হওয়া প্রথম বলেই। টেস্ট অভিষেক ইনিংসেই গোল্ডেন ডাক।
পাকিস্তানের মাত্র দ্বিতীয় টপ অর্ডার ব্যাটসম্যান (এক থেকে ছয় নম্বর) হিসেবে টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হলেন রিজওয়ান। প্রথম যিনি এমন ‘কীর্তি’ গড়েছিলেন, তার নামও রিজওয়ান!
১৯৮১ সালের নভেম্বরে পার্থে টেস্ট অভিষেকে প্রথম বলেই আউট হয়েছিলেন রিজওয়ান-উজ-জামান। অস্ট্রেলিয়ান পেসার টেরি অ্যাল্ডারম্যানের বলে পাকিস্তানের ওপেনার ব্যাটসম্যান হয়েছিলেন এলবিডব্লিউ।
৩৫ বছর পর সঙ্গী পেলেন রিজওয়ান। সঙ্গীর নামও আবার তার নামেই! শনিবার হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের পেসার নিল ওয়াগনারের বলে ম্যাট হেনরিকে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ রিজওয়ান।

