বিনোদন ডেস্ক : ফের ভোটে লড়বেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ভারতের উত্তর প্রদেশ বিধানসভার আসন্ন নির্বাচনে অংশ নিবেন এই অভিনেত্রী। বহুজন সমাজবাদী পার্টির (বিএসপি) প্রার্থী মায়াবতীর বিপক্ষে রাখি এ নির্বাচনে অংশ নিবেন বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বিজেপি’র জোটসঙ্গী দল রিপাবলিকান পার্টির হয়ে আসন্ন উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে অংশ নিবেন রাখি।
এ প্রসঙ্গে রামদাস পাল বলেন, ‘উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে আমার দল প্রতিদ্বন্দ্বিতা করবে। যদি মায়াবতী ভোটে অংশ নেয় তবে আমরা প্রার্থী দিব। সেক্ষেত্রে দলের প্রার্থী হবেন রাখি সাওয়ান্ত।’
তিনি আরো জানান, রাখি সাওয়ান্ত তার দলের মহিলা সংগঠনের প্রধান। বিজেপি’র সঙ্গে জোট করে মায়াবতীকে হারাতে আগ্রহী রামদাস। তবে জোট না হলেও মায়াকে হারাতে রাখিকেই প্রার্থী করবেন বলেও জানান তিনি।
২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে দল গঠন করেছিলেন রাখি। দলের নাম দিয়েছিলেন রাষ্ট্রীয় আম পার্টি। এ দলের হয়ে কাঁচা মরিচ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। সেবার মাত্র শ’খানেক ভোট পেয়েছিলেন রাখি।
এক দশকের বেশি সময় হলো বলিউডে অভিষেক হয়েছে রাখি সাওয়ান্তের। দুই একটি সিনেমায় ছোট-খাটো চরিত্রে অভিনয় করলেও তাতে তেমন সাড়া পাননি তিনি। মূলত আইটেমকন্যা হিসেবেই বলিউডে পরিচিত রাখি। কিছুদিন আগে অনন্য মামুন পরিচালিত ‘আমি তোমার হতে চাই’ সিনেমার একটি আইটেম গানে কোমর দুলিয়েছেন এই অভিনেত্রী। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটতে যাচ্ছে তার।
হিন্দি সিনেমার অনেক আইটেম গানে কোমর দুলিয়েছেন রাখি সাওয়ান্ত। তার উল্লেখযোগ্য গানগুলো হলো- ‘কিসমত সে চলতি হ্যায়’ (মালামাল উইকলি), ‘দেখতা হ্যায় তু কেয়া’ (ক্রেজি ফোর), ‘পম পম’ (হর্ন ওকে প্লিজ), ‘বাম ভোলে বাম ভোলে’ (ইয়ে রাস্তে হ্যায় পেয়ার কে)।

