আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে গাড়িবোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। রাজধানী বাগদাদের দক্ষিণে আল হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প ও রেস্টুরেন্টের মাঝে বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্যের চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট এ হামলার দায় স্বীকার করেছে।
ইমাম হোসেনের চেহলাম তথা আরবাইন হচ্ছে শিয়াদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান। তাদের পবিত্র স্থান ইরাকের কারবালা শহরে প্রতিবছর এ উপলক্ষে শিয়ারা জমায়েত হয়। এখান থেকে ফেরার পথে তীর্থযাত্রীদের বাস আল হিল্লা শহরের একটি পেট্রোল পাম্প সংলগ্ন রেস্তোঁরায় যাত্রাবিরতি করে থাকে। এ বছর ১ কোটি ৭০ লাখ থেকে প্রায় ২ কোটি শিয়া কারবালায় ইমাম হোসেনের মাজার জিয়ারতে গিয়েছেন। বৃহস্পতিবার ওই রেস্তোঁরাটির কাছে একটি ট্রাক বোমার বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই ইরান ও বাহরাইনের নাগরিক।

