চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদ অধিভুক্ত ‘সি-৩’ ইউনিটে পুনরায় ভর্তিপরীক্ষা শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রশ্নেপত্রেই উত্তর চিহ্নিত ছিল- এমন অভিযোগে পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অধিভুক্ত `সি-৩` ইউনিটের পুনরায় ভর্তিপরীক্ষা শুক্রবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সমাজবিজ্ঞান অনুষদ ভবনে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। যারা পূর্বে এই ইউনিটে ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন, তারা শুক্রবারের পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ‘সি-৩’ ইউনিটের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত ছিল বলে অভিযোগ ওঠে। পরে পরীক্ষার সাক্ষাৎকার স্থগিত করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ ও সহকারী প্রক্টর হেলাল উদ্দীন চৌধুরীকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বিষয়টিকে কারিগরি ভুল বলে আখ্যায়িত করে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন।

