স্পোর্টস ডেস্ক : নিজের উদযাপন নিয়ে মজা করার অনুমতি কখনো কাউকে দেননি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু একমাত্র ছেলের ক্ষেত্রে তা ব্যতিক্রম। নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে নিজের দ্বিতীয় গোলের পর রোনালদোর উদযাপন ছিল দেখার মতো। গোল করে ক্যামেরার সামনে এসে নিচু হয়ে চিবুকে হাত দিয়ে বসেছিলেন তিনি।
ইন্টারনেটে রোনালদোর সে উদযাপন বিভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। একই ভঙ্গিতে রোনালদোকে বিভিন্ন অবস্থানে বসিয়ে তাকে নিয়ে মজা করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ফটোশপাররা। একই উদযাপন নিয়ে তারা রোনালদোকে বাথরুমের কমোডে বসানো কিংবা সুমো খেলোয়াড়ের ভূমিকাতে উপস্থাপন করছেন।
বিশ্বব্যাপী ভক্তদের এমন উদযাপন ঢেউয়ে গা ভাসিয়ে দিয়েছে রোনালদোর ছেলেও। ছেলের আবদার রাখতে তার বন্ধুদের সঙ্গে এক কায়দায় পোজ দিয়েছেন পর্তুগিজ তারকা। রোববার ইনস্টাগ্রামে ছেলে রোনালদো জুনিয়র ও তার বন্ধুদের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছেন সিআর সেভেন। সেখানে চিবুকে হাত দিয়ে উদযাপনের ভঙ্গিতে দেখা যায় তাদের। ওই ছবির ক্যাপশনে রোনালদো লেখেন, ‘ছেলেরা আমাকে নিয়ে মজা করছে।’

