বিনোদন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের সঙ্গে একই মঞ্চে গান গাইলেন শাহানা কাজী। সম্প্রতি কানাডার টরেন্টো শহরের হারশী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘আতিফ আসলাম লাইভ ইন কনসার্ট’ শিরোনামের কনসার্ট। এতেই এক মঞ্চে গান করেন তারা।
এ প্রসঙ্গে শাহানা কাজী বলেন, ‘আতিফ আসলাম লাইভ ইন কনসার্ট শিরোনামের কনসার্টটি সবাই খুব উপভোগ করেছেন। আমিও আতিফের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করতে পেরে অনেক আনন্দিত। আর হারশী সেন্টার টরন্টোর একটি মর্যাদাপূর্ণ ভেন্যু। সেখানে আতিফ আসলামের মতো এত বড় মাপের শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করাটা ছিল আমার জন্য অনেক সম্মানজনক।’
কনসার্টে শাহানা কাজী বলিউডের বেশ কিছু জনপ্রিয় হিন্দী গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এর আগে তিনি বলিউডের সংগীতশিল্পী সুনিধি চৌহান ও আয়ুষ্মান খোরানার সঙ্গে একই মঞ্চে লাইভ পারফর্ম করেছিলেন।
বলিউডের সংগীত আইকন মিকা সিংয়ের সঙ্গে একটি ডুয়েট গানে কণ্ঠ দিবেন শাহানা। সম্প্রতি এক সাক্ষাতে শাহানার সঙ্গে ডুয়েট গানে কণ্ঠ দেয়ার আগ্রহ প্রকাশ করেন মিকা সিং। গত বছর কানাডার টরেন্টো থেকে প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার কথা’ শিরোনামের শাহানা কাজীর প্রথম একক অ্যালবাম। বর্তমানে তিনি তার দ্বিতীয় একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

