ঢাকাThursday , 17 November 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

একটা জয়ের আকুতি মাশরাফির!

Link Copied!

Massস্পোর্টস ডেস্ক : প্রথম চার ম্যাচের চারটিতেই হার। এবারের বিপিএলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট টেবিলে গতবারের চ্যাম্পিয়নদের অবস্থান একেবারে তলানিতে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে তাই একটা জয়ের আকুতি। কুমিল্লা অধিনায়ক মনে করেন, একটা জয়ই সব কিছু পরিবর্তন করে দিতে পারে।
ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএলের জমজমাট লড়াই এখন চট্টগ্রামের সাগরিকায়। ঢাকায় চার ম্যাচের সবকটিতে হারা কুমিল্লা শুক্রবার নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে। তার আগের দিন অনুশীলন শেষে দলের অধিনায়ক কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।
নিজেদের ওপর থেকে চাপ কমিয়ে সতীর্থদের উপভোগের মন্ত্র দিলেন মাশরাফি, ‘আমি তো সব সময়ই মনে করি টি-টোয়েন্টি উপভোগ করা উচিত। এই খেলাটাই এমন। সবাইকে আনন্দ দেওয়ার জন্যই এই খেলাটা এসেছে। যখন দল হারে খেলোয়াড় হিসেবে তো খারাপ লাগবেই। যদি কেউ পারফরম্যান্স না করে তাহলে তার খারাপ লাগাটা তো স্বাভাবিক। কিন্তু আপনি এই খেলাটা যত উপভোগ করতে পারবেন, এই খেলাটা ততটাই সহজ। এখানে ব্যাটসম্যানদের বিচার করা খুব কঠিন। সেই সঙ্গে বোলাররাও। কেননা ব্যাটসম্যানরা সব সময় হিট করতে চায়। আমি মনে করি যত উপভোগ করা যায়, নিজের থেকে যত চাপ কমানো যায় তত খেলাটাও সহজ হয়।’
একটা ম্যাচ জিতলেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে বলে মনে করেন কুমিল্লার অধিনায়ক, ‘অনেক প্রত্যাশা ছিল, সেই জায়গা থেকে এখনো হয়তো সেভাবে পারফরম্যান্স করতে পারিনি। হয়তো বা একটা ম্যাচ যদি আমরা জিততে পারি তাহলে হয়তো ভিন্ন চিত্র হতে পারে। এই মুহূর্তে একটা জয় পেলে আমাদের জন্য কাজটা সহজ হয়ে যেত। এই মুহূর্তে যেটা কঠিন মনে হচ্ছে।’
কুমিল্লার প্রতিটা ম্যাচেই একাদশে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। চার ম্যাচের সবগুলোতেই খেলেছেন দলে এমন খেলোয়াড়ের সংখ্যা মাত্র তিন! একজনের জায়গায় আরেকজন এসেও ভালো করতে পারছেন না। আর সেকারণে সমস্যাটা বেশি হচ্ছে বলে মনে করেন মাশরাফি, ‘খেলা যায় না এমন তো না। হয়তো ২-১টা জায়গায় সমস্যা আছে। হয়তো বা সব দলেরই আছে। কেউ হয়তো পারফরম্যান্স করে ওই জায়গাটা কভার করছে। আমরা যেটা পারছি না। আমাদের ওই গ্যাপটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে হয়তো বা সমস্যা হচ্ছে। যেটা বললাম, একটা জয় হয়তো বা সব কিছু পরিবর্তন করে দিতে পারে। তখন হয়তো বা যেখানে অনেক গ্যাপ আছে সেটা কভার হয়ে যাবে। কখনো কখনো এই ধরনের টুর্নামেন্টে একটি জয় মাথাটা খুলে দেয়।’