নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ অবিলম্বে জাতীয়করণ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ার করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ হুঁশিয়ার করা হয়েছে।
ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবি আদায় কমিটির আহ্বায়ক এস এম আবুল হাসেম বলেন, ১৯৭২ সালে তৎকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কলেজটিতে প্রয়োজনীয় এবং আকর্ষণীয় অবকাঠামো রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফলের ধারাবাহিকতাও বজায় রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, ‘কলেজটি সরকারীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছর শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি পরিদর্শক দল কলেজটি সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করে। কলেজ কর্তৃপক্ষ সরকারীকরণে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার সব শর্তই পূরণ করে।’
মানববন্ধনে ফুলবাড়িয়া কলেজের শিক্ষার্থীসহ প্রায় সাত শতাধিক মানুষ অংশ নেন।

