স্পোর্টস ডেস্ক : একসময় পুরো ক্রিকেট বিশ্ব শাসন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কিন্তু সম্প্রতি বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্যের জন্য ক্রমেই বেহাল অবস্থা হয়ে পড়েছে দলটির অবস্থা। একের পর এক খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদসহ নিচু গ্রেডে নামিয়ে দেওয়া হচ্ছে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ডেভ ক্যামেরুন শুক্রবার তা জানিয়ে ব্রাভোকে মেইল করেন। আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর বাঁহাতি ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকে বাৎসরিক চুক্তিতে গ্রেড ‘সি’তে নামিয়ে দেওয়া হয়। যা পাঁচটি গ্রেডের মধ্যে সবচেয়ে নিচুতে। ওই সিরিজে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ২০১৪ সালের নভেম্বরের পর থেকে ১৭ টেস্টে এক হাজারেরও বেশি রান করেন ব্রাভো।
চুক্তি বাতিলের পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্রাভো টুইটে জানান, ‘আপনি গত চার বছরে চার দিন ব্যর্থ হলে নিশ্চয়ই অবনমন চাইবেন না। এটা অবিচার এবং একধরনের বোকামি।’
ব্রাভোর পারফরম্যান্স খারাপ দেখিয়ে বোর্ড চেয়ারম্যান তাকে নিচের সারির ক্রিকেটারের তালিকায় নামিয়ে দেন। পরে টুইটারে বোর্ডের প্রতি ক্ষোভ ঝাড়েন ব্রাভো। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজে ব্রাভোর বদলে দলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলা জেসন মোহাম্মদকে। ১৬ নভেম্বর হারারে স্পোর্টস ক্লাবে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।

