স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া। এরপর হোবার্টে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বড় লজ্জার শিকার দলটি। গতকাল ম্যাচটি শুরু হলেও আজ বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা বন্ধ রয়েছে। আজ সকাল থেকেই বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
গতকাল টস হেরে ব্যাট করতে নেমে চেনা আঙ্গিনায় লজ্জার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকান বোলারদের সামনে মাত্র ৮৫ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৮ রানে অপরাজিত থাকেন স্টিভেন স্মিথ। দক্ষিণ আফ্রিকান পেসার ফিলান্ডার ২১ রানের বিনিময়ে পাঁচটি উইকেট পান।
জবাবে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৫ উইকেটে ১৭১ রান করে। প্রোটিয়াদের হয়ে টেম্বা বাভুমা ৩৮ ও কুইন্টন ডি কক ২৮ রানে অপরাজিত রয়েছেন। এর আগে সর্বোচ্চ ৪৭ রান করে আউট হয়েছেন হাশিম আমলা।
বল হাতে স্বাগতিক পেসার মিচেল স্টার্ক তিনটি ও জস হ্যাজলউড দুটি উইকেট নেন।

