নিজস্ব প্রতিবেদক : বিপিএলের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে পাত্তা পায়নি চিটাগং ভাইকিংস। ৯ উইকেটে হেরেছে তারা। ব্যাটিং কিংবা বোলিং কোনোটিতেই প্রতিরোধ গড়তে পারেনি তামিমের ভাইকিংসের খেলোয়াড়রা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের সিনিয়ার ক্রিকেটার আব্দুর রাজ্জাক।
তিনি হারের কারণ প্রসঙ্গে বলেন,‘ম্যাচে আমরা ভালো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং ভালো করতে পারিনি। এটাই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।’ আগের ম্যাচে তামিম রান পাওয়ায় স্কোরবোর্ডে বড় সংগ্রহ পায় চিটাগং। এ ম্যাচে তামিম রান না পাওয়ায় স্কোরবোর্ডে রান উঠে মাত্র ১২৪!
ব্যাটিং নিয়ে রাজ্জাক বলেন,‘আগের ম্যাচে ব্যাটিং ভালো হওয়াতে কেউ যদি রিলাক্স হয়ে যায়, সেটা কখনোই কাম্য নয়। আমি মনে করি ছোট ম্যাচেও রিলাক্স হওয়ার কোন সুযোগ নেই।’ ২টি ম্যাচে ১টিতে হার ১টিতে জয়। রাজ্জাক মনে করেন যত দ্রুত সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলে পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফল পাবে চিটাগং।
বাঁহাতি এ স্পিনার বলেন, ‘পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কিছু বিষয় থাকে। আমাদের দ্রুত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। না হলে সামনে আরও সমস্যা তৈরি হবে।’

