বিনোদন প্রতিবেদক : যুগল নির্মাতা নদী-ফিরোজ নির্মাণ করেছেন ‘যদি তুমি জানতে’ শিরোনামের সিনেমা। ইতোমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেয়েছে নির্মাতা। সিনেমাটি দেশের বাইরে প্রদর্শিত হয়েছে কিন্তু দেশে এখনো মুক্তি পায়নি। আগামী ১৮ নভেম্বর সিনেমাটি দেশে মুক্তি পেতে যাচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
মডেল ও ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির বিপরীতে এ সিনেমায় অভিনয় করেছেন নবাগত অভিনেতা আশরাফ কিটু। তানিয়া-কিটু ছাড়া আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, মনিরা মিঠু ও শাহেদ। এতে গান রয়েছে মোট চারটি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এহছান রাহি, কনা, আঁখি আলমগীর।
সিনেমার মুক্তি প্রসঙ্গে জেসমীন আক্তার নদী বলেন, ‘‘যদি তুমি জানতে’ সিনেমাটি এর আগে দেশের বাইরে প্রর্দশিত হয়েছে। সেখানে বেশ প্রশংসা পেয়েছি। আশা করছি, দেশেও প্রশংশিত হবে।’
সিনেমার মুক্তি উপলক্ষে আগামীকাল ১০ নভেম্বর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিএফডিসির জহির রায়হার ভিআইপি প্রজেকশন হল রুমে বিকাল তিনটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এস এম শাকিলের চিত্রনাট্যে এ সিনেমার শুটিং ঢাকা, পুবাইল, সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন লোকেশনে অনুষ্ঠিত হয়েছে। ‘যদি তুমি জানতে’ সিনেমাটি গত ৬ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার কথা ছিল। বিভিন্ন কারণে তখন সিনেমাটি মুক্তি দেয়া সম্ভব হয়নি।

