নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন রুমানা আহমেদ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
শুরু থেকে নারী দলের অধিনায়ক ছিলেন সালমা খাতুন। তবে গত বছরের নভেম্বরে জাহানারা আলমকে টি-টোয়েন্টির নেতৃত্বে আনে বিসিবি। সালমার চোটের কারণে ওয়ানডে দলেরও নেতৃত্ব দেন এই পেসার।
আর এবার অধিনায়ক হলেন রুমানা। আগামী ২৭ নভেম্বর থেকে থাইল্যান্ডে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি এবং ২০১৭ সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত নারী দলের নেতৃত্বে থাকবেন ২৯ বছর বয়সি এই লেগস্পিনার।
গত সেপ্টেম্বরে জাতীয় দলের সবশেষ ওয়ানডে ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রুমানা। আইরিশদের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতা সিরিজের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন তিনিই।
রুমানা দেশের হয়ে এখন পর্যন্ত ২০টি ওয়ানডে খেলে ব্যাট হাতে ৪২৫ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ২৪ উইকেট। আর ৩১টি টি-টোয়েন্টিতে ৪২০ রান করার পাশাপাশি নিয়েছেন ২০ উইকেট।

