স্পোর্টস ডেস্ক : জার্মানির সঙ্গে চুক্তি বাড়িয়েছেন জোয়াকিম লো। নতুন চুক্তি অনুযায়ী ইউরোপিয়ান পাওয়ার হাউসদের সঙ্গে ২০২০ সাল পর্যন্ত থাকবেন বিশ্বকাপ জয়ী কোচ লো।
সবশেষ ব্রাজিল বিশ্বকাপে লাতিন পরাশক্তি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে জার্মানি। নিজেদের চতুর্থ বিশ্বকাপটি স্বদেশি কোচ জোয়াকিম লোর হাত ধরেই জিতেছে জার্মানি। তাই দারুণ কৌশলী ও বিচক্ষণ এই কোচকে রাশিয়া বিশ্বকাপের আগে হাতছাড়া করতে চাইছে না জার্মান ফুটবল ফেডারেশন।
২০০৬ সাল থেকে জার্মান শিবিরে কোচের ভূমিকা পালন করে আসছেন লো। প্রায় দশ বছর জাতীয় দলকে কোচিং করিয়ে লো ২০১০ সালে দলকে বিশ্বকাপের তৃতীয় স্থান আর ২০১৪ সালে বিশ্বকাপ জিতিয়েছেন। ২০০৮ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ আর ২০১২ সালে দলকে তৃতীয় স্থান অর্জন তিনি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নতুন করে চুক্তি বাড়ানোর ফলে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ও ২০২০ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের দায়িত্ব লোর কাঁধেই রয়েছে। নতুন করে লো চুক্তি বাড়ানো নিয়ে জার্মান ফুটবল ফেডারেশন জানায়, ‘২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দলকে শিরোপা জেতানো ৫৬ বছর বয়সী জোয়াকিম লো’কে আরও চার বছর জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্বাভাবিকভাবেই বাড়তি দায়িত্ব পেয়ে ভীষণ খুশি এই কোচ। ফেডারেশনের সভাপতি রাইনহার্ড গ্রিন্ডেলও এই নবায়নকৃত চুক্তিতে খুশি।’
নতুন চুক্তি অনুযায়ী আগের চেয়ে বেতন বেড়েছে লোর। নতুন চুক্তিতে বছরে ৪০ লাখ ইউরো পাবেন তিনি।

