স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে ১০৮ রানে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মত টেস্ট ক্রিকেটে বড় দলকে হারায়। সাদা পোশাকে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অষ্টম জয়। এর আগে জিম্বাবুয়েকে পাঁচবার ও ওয়েস্ট ইন্ডিজকে দু’বার হারিয়েছিল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজে ‘দ্বিতীয় সারির’ দলের বিপক্ষে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। বলাবাহুল্য ১৬ বছরের ছোট্ট টেস্ট ক্যারিয়ারে এটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। যদিও পাকিস্তানের বিপক্ষে প্রায় হেরে যাওয়া ম্যাচ ড্র করেছিল বাংলাদেশ। পিছিয়ে রাখা যাবে না সে সাফল্যকেও। তবে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিমের মতে টেস্ট ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় অর্জন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেন,‘এখন পর্যন্ত এটাই আমাদের ক্রিকেটে নিজেদের সবচেয়ে বড় অর্জন। যেভাবে আমরা গত তিন দিন লড়াই করেছি তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটাই এখন পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন।’
মুশফিকের হাত ধরে গত বছর পাকিস্তানের বিপক্ষে প্রায় অসম্ভব টেস্ট ড্র করে বাংলাদেশ। খুলনায় ৩৯৬ রানে দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ৩১২ রান করে ম্যাচ বাঁচায়। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচটি থেকেই ইংলিশ বধের সাফল্য টিম বাংলাদেশের কাছে বিশেষ কিছু।
মুশফিক আরও বলেছেন,‘জয়ের ওপর তো আর কিছু নাই। বাংলাদেশ একটা বড় দলের সঙ্গে জিতল। এর আগে আমরা ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের সঙ্গে জিতেছি।টেস্ট ক্রিকেটে এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। আমাদের বিশ্বাস আছে, সামনে এর চেয়ে বড় অর্জন আমাদের জন্য অপেক্ষা করছে। অনেক বড় চ্যালঞ্জ আসছে সামনের বছরে।’

