বিনোদন ডেস্ক : চলচ্চিত্র নির্মাতা শাহাদাত হোসেন লিটন নতুন চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। চলতি বছরের শেষের দিকে এ সিনেমার কাজ শুরু করবেন তিনি। নাম ঠিক না হওয়া এ সিনেমায় ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেত্রী শাহনূর। এতে সময়ের আলোচিত চিত্রনায়ক ও চিত্রনায়িকাদের দেখা যাবে বলে জানান শাহাদাত হোসেন লিটন।
এ সিনেমা প্রসঙ্গে শাহনূর বলেন, ‘লিটন ভাইয়ের নতুন সিনেমার গল্পটি দারুণ। কিছুদিন আগে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। ডিসেম্বরে এ সিনেমার কাজ শুরু করব। আশা করছি, সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।’
শাহনূর অভিনীত যৌথ প্রযোজনার ‘অপহরণ’ সিনেমার শুটিং শেষ করে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন ওপার বাংলার নন্দিত নির্মাতা বাবু রায়। এছাড়া শাহনূর অভিনীত ‘লীলা মন্থণ’, ‘হবারতো হবেই প্রেম’, ‘কে আমার শত্রু’, ‘প্রেম প্রিতি ভালোবাসা’, ‘কাকতাড়ুয়া’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।
শাহনূর চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টিভি পর্দায়ও কাজ করে যাচ্ছেন। তিনি বর্তমানে ‘আশা নিরাশার মাঝে’শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। জামাল উদ্দিন জামাল পরিচালিত এ ধারাবাহিকে আরো অভিনয় করছেন, পলাশ, আন্নাসহ বেশ কিছু নতুন অভিনয়শিল্পীরা। এছাড়াও শাহনূর অভিনীত ‘নীড় খোঁজে গাঙচিল, ‘হাই সোসাইটি’শিরোনামের ধারাবাহিকের কাজ করছেন।
শাহাদাত হোসেন লিটন ১৯৯৭ সালে ‘রবি মাস্তান’ সিনেমার পরিচালক হিসেবে রুপালি জগতে পা রাখেন। এরপর একে একে অর্ধ শতাধিক সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এর মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসা সফল হয়েছে। তার উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘মিয়া বাড়ির চাকর’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘প্রেমে পড়েছি’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘তোমাকে বউ বানাব’, ‘জীবন মরণের সাথী’, ‘ঠাণ্ডা মাথার খুনী’, ‘নষ্ট ছাত্র’, ‘গরিবের দাদা’ ইত্যাদি। পরিচালনার পাশাপাশি প্রায় ১২টি সিনেমার কাহিনি বিন্যাস, চিত্রনাট্য ও গান লিখেছেন তিনি।

