বিনোদন ডেস্ক : শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। ক্ষমতাবলে তাকে নিজের করে পেতে চান অভিনেতা শতাব্দী ওয়াদুদ। তবে বাস্তব জীবনে নয় ‘অপ্রেম’ শিরোনামের একক নাটকে এমন দৃশ্য দেখা যাবে বলে জানান পরিচালক মাহমুদ দিদার।
কিঙ্কর আহসানের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন রায়হান আসাদ। নাটকটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাহমুদ দিদার।
নাটককের গল্প প্রসঙ্গে মাহমুদ দিদার বলেন, ‘জহির তার জীবন বাজি রেখে ভালোবাসে লিসা নামের মেয়েটিকে। এ দিকে জর্জ আন্ডারওয়ার্ল্ডের প্রভাবশালী লোক। অস্ত্র আর টাকা দিয়ে লিসাকে পেতে চায় সে। কিন্তু জহিরের প্রেম আর ত্যাগের কাছে জর্জ পরাজিত হয়। চূড়ান্ত চ্যালেঞ্জিং এক খেলা শেষে লিসা জহিরের কাছেই থেকে যায়। জর্জ তাদের স্যালুট করে চলে যায়। এভাবে এগিয়ে গেছে নাটকটির গল্প।’
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এ নাটকে জহির চরিত্রে অভিনয় করেছেন, শফিক সাদেকি, লিসা চরিত্রটি রূপায়ন করেছেন সোহানা সাবা। আর জর্জ চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। এছাড়াও আরো অভিনয় করেছেন- তাসনিয়া রহমান, সায়েম খান, সোহেল আরিয়ান প্রমুখ।
সম্প্রতি নগরীর শাহবাগ, ধানমন্ডি ও ইস্কাটনে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি দীপ্ত টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলেও জানান নির্মাতা।

