বিনোদন ডেস্ক : রুপালি ভুবনের পরিচিত নাম শাহনূর। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গনে কাজ করছেন তিনি। তবে বড় পর্দায় এখন তাকে নিয়মিত দেখা যায় না। ছোট পর্দার কাজ নিয়ে অনেকটা সরব এই অভিনেত্রী।
শাহনূর বর্তমানে ‘আশা নিরাশার মাঝে’ শিরোনামের ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। জামাল উদ্দিন জামাল পরিচালিত এ ধারাবাহিকে আরো অভিনয় করছেন, পলাশ, আন্নাসহ বেশ কিছু নতুন অভিনয়শিল্পীরা।
এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘ছোট পর্দায় নিয়মিত কাজ করছি। আশা নিরাশার মাঝে সিরিয়ালের কাজ আগেই শুরু করেছিলাম। মাঝে কিছুদিন বন্ধ ছিল। আবার শুটিং শুরু হয়েছে। এছাড়াও আরো দুটি ধারাবাহিক নাটকের কাজ করছি।’
‘আশা নিরাশার মাঝে’ ধারাবাহিকটি খুব শিগগিরি আলিফ টিভিতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
এছাড়াও শাহনূর অভিনীত ‘নীড় খোঁজে গাঙচিল’ নাটকটি এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মোহন খান। এতে তিনি একজন ধনবান ব্যবসায়ী নারীর চরিত্রে অভিনয় করছেন। তাছাড়া তিনি ‘হাই সোসাইটি’ শিরোনামের একটি ধারাবাহিকে কাজ করছেন। এটি এশিয়ান টিভিতে প্রচারিত হচ্ছে। এছাড়া শাহনূর অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

