বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে বিড়ম্বনায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক শাহরিয়াজ! তার পাশাপাশি বিয়ে বিড়ম্বনায় রয়েছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানও। তবে বাস্তব জীবনে নয়, মুকুল নেত্রবাদী পরিচালিত ‘রুপ’ শিরোনামের সিনেমায় এমন দৃশ্য দেখা যাবে।
এ সিনেমার গল্পে দেখা যাবে, শাহরিয়াজ বিয়ে করতে চাচ্ছেন না। কিন্তু তার পরিবার বিয়ের জন্য নানাভাবে চাপ দেয়। এদিকে ধনী পরিবারের মেয়ে রাহা। তার বিয়ে নিয়েও বিভিন্ন সমস্যা। একদিন বউ বাজারে ঘুরতে যায় শাহরিয়াজ। একই দিনে রাহার কৌতূহল হয় ওই বাজারে আদৌ বউ পাওয়া যায় কিনা তা দেখার। গায়ের রঙ বদলে কালো মেয়ের সাজে সেখানে যান তিনি। এরপর ইভ টিজারের কবলে পড়েন রাহা। এক সময় তিনি প্রতিবাদ করেন। দূর থেকে দেখে সেই কালো মেয়ের প্রেমে পড়েন শাহরিয়াজ। তারপর নানা মজার ঘটনার মধ্য দিয়ে এগিয়ে গেছে এ সিনেমার গল্প।
এ প্রসঙ্গে শাহরিয়াজ বলেন, ‘কমেডি ঘরানার সিনেমা রুপ। এতে বিয়ে করা নিয়ে নানা বিড়ম্বনার ঘটনা দেখা যাবে। এ সিনেমার একটি কালো মেয়ের প্রেমে পড়ি। পরে দেখা যায়- মেয়েটি কালো নয়, রুপবতী মেয়ে হয়েও কালি মেখে বাইরে বের হয়। এভাবে এগিয়ে গেছে সিনেমাটির গল্প।’
এ প্রসঙ্গে রাহা বলেন, ‘রুপ সিনেমার গল্পটি আমার দারুণ লেগেছে। এর মাধ্যমে শাহরিয়াজের সঙ্গে প্রথমবারের মতো কাজ করছি। আমাদের দুজনের কাজের রসায়ন বেশ ভালো। শাহরিয়াজ কাজের ক্ষেত্রে হেল্পফুল। আশা করছি, কাজটি ভালো হবে।’
৭ অক্টোবর (শুক্রবার) থেকে নারায়ণগঞ্জে ‘রুপ’ সিনেমার শুটিং শুরু হয়েছে। নারায়ণগঞ্জের স্টুডিওতে এর গানের দৃশ্যায়ণ করা হচ্ছে বলে নির্মাতা সূত্রে জানা যায়। সিনেমাটির চিত্রনাট্যও লিখেছেন পরিচালক।

