বিনোদন ডেস্ক : ‘ব্ল্যাক মানি’ সিনেমার সাফল্যের পর মুভিপ্ল্যানেট মাল্টিমিডিয়া এবার শুরু করেছেন নতুন সিনেমার কাজ। ‘শিরোনামে তুমি’ নামের এ সিনেমায় জুটি বেধে অভিনয় করবেন চিত্রনায়ক সাইমন সাদিক ও নবাগত তানুশা। তবে সিনেমাটি কে পরিচালনা করবেন তা এখনো জানান নি প্রযোজনা প্রতিষ্ঠান। আলাপকালে এসব তথ্য জানান মুভিপ্ল্যানেট মাল্টিমিডিয়ার কর্ণধার ফরমান আলী।
সিনেমা প্রসঙ্গে ফরমান আলী বলেন, ‘গত বছর সাইমনকে নিয়ে ‘ব্ল্যাক মানি’ সিনেমার কাজ করেছি। সিনেমাটিতে দর্শকদের ভালো সারা পেয়েছি। তাই এবারও সাইমনকে নিয়ে ‘শিরোনামে তুমি’ সিনেমার কাজ করব। এতে সাইমনের বিপরীতে অভিনয় করবেন নবাগত তানুশা। এ সিনেমার গল্পের জন্য তানুশা যোগ্য বলে মনে করছি। তাছাড়া তানুশা অভিনয়ও ভালো করবে। আশা করছি, সাইমন-তানুশা জুটিকে দর্শক ভালোভাবে নিবেন।’
তানুশা শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্যে অনার্স পড়ছেন। রুপালি ভুবনে পা রাখা প্রসঙ্গে তানুশা বলেন, ‘ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল শোবিজে কাজ করব। সেই স্বপ্ন পূরণের জন্য থিয়েটারের সঙ্গে যুক্ত হই। ছোট পর্দায় কিছু নাটকে কাজ করেছি। দীর্ঘ দিনের লালিত স্বপ্ন এবার পূরণ হতে যাচ্ছে। সত্যি বিষয়টি আমার কাছে রাজ্য জয়ের মতো আনন্দের।’
তিনি আরো বলেন, ‘অনেকদিন ধরে বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চলচ্চিত্রের বিষয়ে কথা হচ্ছিল। অবশেষে মুভি প্লানেটের সঙ্গে ব্যাটে বলে মিলে যাওয়ায় প্রতিষ্ঠানটির নতুন সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আমার বিশ্বাস, নতুন পথের যাত্রায় সবার সহযোগিতা ও সমর্থন পাব।’
এ প্রসঙ্গে সাইমন বলেন, ‘আমাদের চলচ্চিত্রর জন্য এটা ইতিবাচক যে, শিক্ষিত মেয়েরা চলচ্চিত্রের প্রতি আগ্রহী হচ্ছে। তারা অভিনয়কে ভালোবেসে ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা পেতে চাইছে। তানুশাও তেমনি একজন। তার সঙ্গে জুটি হয়ে নতুন কিছু দর্শকদের উপহার দিতে পারব বলে প্রত্যাশা করছি।
‘শিরোনামে তুমি’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মুজতবা সউদ। এ বছরের শেষের দিকে এর শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
গত বছরের ৭ আগস্ট সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাক মানি’ সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। মুভিপ্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা কেয়া ও মৌসুমী হামিদ। সিনেমটি ব্যাবসায়িকভাবে সফল হয়েছে বলে জানা যায়।
সাইমন সাদিক এ পর্যন্ত ৩০ টি সিনেমায় অভিনয় করেছেন । এর মধ্যে তোমার কাছে ঋণী, তুই শুধু আমার, স্বপ্ন ছোঁয়া, পুড়ে যায় মন’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে। তবে তার অভিনীত বেশির ভাগ সিনেমা এখনো মুক্তির অপেক্ষায় আছে। ১৪ অক্টোবর তার অভিনীত চোখের দেখা সিনেমাটি মুক্তি পেয়েছে।
এদিকে নবাগত তানুশা এর আগে র্যাম্পে মডেল হিসেবে কাজ করেছেন। ‘শিরোনামে তুমি’ সিনেমার মাধ্যমেই রুপালি ভুবনে পা রাখছেন তিনি।

