স্পোর্টস ডেস্ক : এশিয়ায় প্রথম দিবা-রাত্রির টেস্ট। দুবাইয়ে গোলাপি বলের মর্যাদার এ টেস্টে অপ্রতিরোধ্য হয়ে ওঠেন আজহার আলী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার জ্বলে ওঠার দিন প্রথম টেস্টের প্রথম দিনেই রানের পাহাড় গড়েছে পাকিস্তান।
অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির ম্যাচটি হলেও সেখানে সেঞ্চুরির দেখা পাননি কোনো ব্যাটসম্যান। তবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে একই সঙ্গে সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির পর ট্রিপল সেঞ্চুরি করে দিবা-রাত্রির টেস্টে ইতিহাস হয়ে থাকলেন আজহার। তার অপরাজিত ৩০২ রানের ওপর ভর করে ৩ উইকেটে ৫৭৯ করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান।
নিজেদের ক্রিকেট ইতিহাসে ৪০০তম টেস্ট খেলছে পাকিস্তান। টপ অর্ডারের ব্যাটিং নৈপুণ্যে আর আজহার আলীর অপরাজিত ট্রিপল শতকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনটি নিজেদের করে রাখে মিসবাহ উল হকের দল।
অপরাজিত ট্রিপল সেঞ্চুরি গড়ার পথে ওপেনার আজহার আলীর ইনিংসটি ছিল ৪৬৯ বলে ২৩টি চার আর দুটি ছক্কায় সাজানো। অপরাজিত ৩০২ রান করে মাঠ ছাড়েন তিনি। এটি তার ক্যারিয়ারে প্রথম ট্রিপল সেঞ্চুরি। হানিফ মোহাম্মদ, ইনজামাম ও ইউনিস খানের পর তিনি পাকিস্তানের চতুর্থ ট্রিপল সেঞ্চরি করা ব্যাটসম্যান।
রানের পাহাড় তাড়া করতে নেমে দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৬৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া পাকিস্তানের শুরুটা ছিল অসাধারণ। আজহারের সাফল্যের পাশাপাশি ওপেনার সামি আসলাম করেন ৯০ রান। আর ৩ নম্বরে নামা আসাদ শফিক করেন ৬৭ রান।
৪ নম্বরে ব্যাট হাতে নেমে বাবর আজমের ইনিংসটি ছিল ৬৯ রানের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডেতেই টানা শতক হাঁকিয়েছিলেন তিনি। অভিষিক্ত টেস্টেও দুর্দান্ত ব্যাট করেন বাবর আজম। ট্রিপল সেঞ্চুরি করা আজহারের সঙ্গে ২৯ রান নিয়ে অপরাজিত রয়েছেন দলীয় অধিনায়ক মিসবাহ উল হক।
ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার লিয়ন জনসন ব্যক্তিগত ১৫ রানে ইয়াসিরের বলে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। আরেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ৩২। ড্যারেন ব্রাভো ১৪ রান নিয়ে অপরাজিত রয়েছেন।

