আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সেনাবাহিনী ইয়েমেনের তিনটি রাডার সাইটে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত রবিবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা চালালো। খবর বিবিসির।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন জানায়, প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় তিনটি রাডার সাইট জড়িত। রাডারগুলো ধ্বংস করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু এলাকাগুলো ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের এলাকা। এই হামলায় প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতি ছিল।
মার্কিন এক কর্মকর্তা জানান, এই হামলায় রণতরী ইউএসএস নাইটজ থেকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী, জাহাজ এবং গুরুত্বপূর্ণ এই নৌ পথে স্বাধীনভাবে চলাচলের জন্য আমরা নিয়ন্ত্রিত আত্মরক্ষামূলক হামলা চালিয়েছি।’
‘ভবিষ্যতে আমাদের যুদ্ধজাহাজ এবং বাণিজ্যক পরিবহনে যেকোনো ধরনের হুমকির উপযুক্ত জবাব দেয়া হবে।’
গত রবিবার লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে হুতি বিদ্রোহীরা দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। তারই জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। যদিও ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন যুদ্ধজাহাজকে ক্ষতিগ্রস্ত করার আগেই ধ্বংস করা হয়েছিল।
হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ঐ দিনই দাবি করা হয়েছিল, তারা মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি।

