ঢাকাThursday , 6 October 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষকরা কোচিং বাণিজ্যে জড়িয়ে পড়ছেন

Link Copied!

nahidনিজস্ব প্রতিবেদক : শিক্ষকদের সমালোচনা করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ক্লাসে পড়াশোনা হয় না বলেই শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগে, এটা আমরা জানি। এ নিয়ে কোনো ব্যাখ্যার দরকার নেই। শিক্ষকরা কোচিং বাণিজ্য, কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ছেন। এইসব শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুরে যশোর শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘শিক্ষার উন্নত পরিবেশ- জঙ্গিমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসাকে জঙ্গি তৈরির কারখানা বলা হতো। কিন্তু বাস্তবে প্রমাণ হলো যারা বোমা মারতে চায় তারা নামি-দামি প্রতিষ্ঠানের শিক্ষার্থী। জঙ্গিরা নামি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টার্গেট করেছে।
নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গি কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়। এজন্য তারা নামি-দামি প্রতিষ্ঠানের উচ্চবিত্ত পরিবারের সন্তানকে বাছাই করছে। কারণ তাদেরকে একটু প্রশিক্ষণ দিলেই হামলা করতে পারে। এজন্য উচ্চবিত্ত পরিবারের সন্তানদের টার্গেট করে ফাঁদে ফেলছে জঙ্গিরা। অনেক শিক্ষকও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন। এদের থেকে সতর্ক থাকতে হবে। আপনারা শিক্ষার্থীদের দিকে নজর রাখুন। সন্দেহ হলে খোঁজখবর নিয়ে উপজেলা শিক্ষা অফিসকে জানান।
যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভায় নুরুল ইসলাম নাহিদ আরো বলেন, ছেলে মেয়েরা শিক্ষকদের কথায় সবচেয়ে বেশি প্রভাবিত হয়। শিক্ষকরা সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি। সেই উপলবিদ্ধ করতে হবে। টাকা দিয়ে সম্মান কেনা যায় না। সম্মানের সেই যোগ্যতা অর্জন করতে হবে। শিক্ষকতা পেশার প্রতি দায়বদ্ধতা থাকতে হবে।
তিনি বলেন, দেশের জনগণের টাকায় আপনাদের বেতন হয়। সেই টাকা জায়েজ করতে হবে। ছেলে মেয়েদের পড়াশোনা ভাল করতে হবে আপনাদের। আপনাদের বেতন ভাতা বৃদ্ধির কথা বলা লাগবে না, দেশের মানুষই আপনাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানাবে। সেই পরিবেশ তৈরি করুন।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্রের সঞ্চলনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রণালয়ের সচিব এস মাহামুদ, খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুদ্দোজা, যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সেলিনা ইয়াসমিন, নড়াইলের মনোরঞ্জন কাপুড়িয়া কলেজের অধ্যক্ষ তাপসী কাপুড়িয়া প্রমুখ।
মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধানগণ উপস্থিত ছিলেন।