আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ায় বোমা হামলায় নিহত হয়েছে ছয়জন। দেশটির কর্মকর্তা ও গণমাধ্যমের তথ্যমতে, আল-শাবাব এ হামলা চালিয়েছে। তবে জঙ্গিগোষ্ঠীটির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। আলজাজিরা অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।কেনিয়ার উত্তরাঞ্চলীয় মানদেরা কাউন্টির গভর্নর আলী রোবা বার্তাসংস্থা রয়টার্সকে হামলার তথ্য নিশ্চিত করেছেন এবং এ নিয়ে তিনি টুইট করেছেন।
মানদেরা অঞ্চল সোমালিয়া সীমান্তঘেঁসা। সোমালিয়ায় কেনীয় সেনাদের মোতায়েন করার জন্য কেনিয়ায় প্রায়ই হামলা চালিয়ে থাকে আল-শাবাব। জঙ্গিগোষ্ঠীটি জানিয়েছে, যতদিন সোমালিয়া থেকে কেনিয়া সরকার সেনা প্রত্যাহার না করবে, ততদিন তাদের দেশে হামলা অব্যাহত থাকবে।
আফ্রিকান ইউনিয়নের যৌথ বাহিনীর অংশ হিসেবে সোমালিয়ায় মোতায়েন করা হয়েছে কেনীয় সেনাদের। আফ্রিকান ইউনিয়ন আল-শাবাবকে নির্মূলে এখনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি।
কেনিয়ার একটি জাতীয় দৈনিকের অনলাইনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে এ হামলা হয়েছে। এ হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গভর্নর আলী রোবা। হামলার প্রকৃতি ও ধরন থেকে এটি পরিষ্কার, আল-শাবাব এ কাজ করেছে।

