স্পোর্টস ডেস্ক : হেডলাইন দেখে চেলসি-সমর্থকরা হয়তো চিন্তায় পড়ে গেছেন। পেদ্রো কি তাহলে চেলসি ছেড়ে আবার বার্সেলোনায় পাড়ি দিলেন! তবে চেলসি-সমর্থকরা স্বস্তিতে থাকতে পারেন। কারণ তেমন কিছুই হয়নি। পেদ্রো মঙ্গলবার নিজের প্রাক্তন ক্লাব বার্সেলোনায় গিয়েছিলেন আসলে ঘুরতে।
মেসি-নেইমার-সুয়ারেজদের দাপটে বার্সেলোনায় মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না। গত গ্রীষ্মের দলবদলের মৌসুমে তাই বার্সা ছেড়ে চেলসিতে যোগ দেন পেদ্রো। প্রায় ৩ কোটি ইউরোর বিনিময়ে স্প্যানিশ ফরোয়ার্ডকে স্ট্যামফোর্ড ব্রিজে নিয়ে আসে ইংলিশ ক্লাবটি।
চেলসিতে যোগ দিয়ে শুরুতেই চমক দেখান পেদ্রো। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রথম ম্যাচেই জেতেন ম্যাচসেরার পুরস্কার। পরে অবশ্য ছন্দ হারিয়ে ফেলেছেন।
আবার বার্সার জার্সিতে ফিরতেও পারেন পেদ্রো। স্প্যানিশ ফরোয়ার্ড মাস কয়েক আগে জানিয়েছিলেন, ন্যু ক্যাম্পে ফেরার জন্য বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তেমেউয়ের সঙ্গে তিনি কথাও বলেছেন।
আগামী ৬ ও ৯ অক্টোবর ইতালি ও আলবেনিয়ার বিপক্ষে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে স্পেন। জাতীয় দলের হয়ে খেলতেই স্পেনে ফিরে বার্সায় ঘুরতে যান পেদ্রো।
বার্সায় গিয়ে প্রাক্তন সতীর্থদের সঙ্গে দেখা করেন পেদ্রো। তাদের সঙ্গে ছবিও তোলেন। বার্সার ওয়েবসাইটে পেদ্রো বলেছেন, ‘আমি এখানে আসার জন্য, সবাইকে দেখার জন্য মুখিয়ে ছিলাম। আমি সব সময় তাদের শুভ কামনা জানাই। আশা করি তারা শীর্ষে থাকতে পারবে।’
২০০৮-০৯ মৌসুমে অভিষেকের পর বার্সায় মোটামুটি সৌভাগ্যের প্রতীকই হয়ে ছিলেন পেদ্রো, ৩১৮ ম্যাচে করেন ৯৮ গোল। পাঁচটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়নস লিগসহ জেতেন ২০টি শিরোপা।

