নিজস্ব প্রতিবেদন : ওয়ালটন ১৮তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রো।
খুলনায় এই ম্যাচে নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে ভালো অবস্থানে রয়েছে বরিশাল বিভাগ। গতকাল প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ৩০৬ রানে দিন শেষ করেছিল দলটি।
বরিশালের হয়ে গতকাল ৮৪ রানে অপরাজিত ছিলেন সোহাগ গাজী। আজ সেখান থেকে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শেষপর্যন্ত ১৪২ রান করে আরাফাত সানীর বলে স্টাম্পিং হয়ে ফিরে গেছেন সোহাগ গাজী।
প্রথম ইনিংসে বরিশালের হয়ে ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি আবু সায়েম। ৯৮ রানে আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপর ৬২ রান করে আরাফাত সানীর বলে আউট হন মুনীর হোসেন। এছাড়া ওপেনিংয়ে ব্যাট করতে নামা শাহরিয়ার নাফীস ৪৮ রান করে মোহাম্মদ আশরাফুলের বলে আউট হন।
এ ম্যাচ দিয়ে প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। যদিও আগের রাউন্ডে সেরা একাদশে ছিলেন তিনি। কিন্তু বৃষ্টির বাগড়ায় মাঠে খেলার সুযোগ পাননি বাংলাদেশের প্রথম সুপারস্টার। ঢাকা মেট্টোর হয়ে বল হাতে এ পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন আশরাফুল।

