ঢাবি প্রতিনিধি : বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দিয়েছেন কলেজের ছাত্রীরা। রোববার দুপুরে উপাচার্যের কার্যালয়ে গিয়ে তারা এ স্মারকলিপি দেন।স্মারকলিপিতে বলা হয়, ‘১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজে শুধু মহিলাদের জন্য শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। তাই ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই ছাত্রীদের পক্ষ থেকে সহশিক্ষা কার্যক্রম চালুর দাবি করা হচ্ছে।
গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীদের পক্ষে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি দেয়। স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘সহশিক্ষা কার্যক্রম চালু করতে পারে মন্ত্রণালয়। এটি মন্ত্রণালয়ের এখতিয়ার তারা সহশিক্ষা কার্যক্রম চালু করবে কি করবে না। বিশ্ববিদ্যালয় সহশিক্ষা কার্যক্রম চালু করতে পারে না।’

